আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ করার তাগিদ তুরস্কের 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি অবসানে দুই পক্ষকে আরও 'গঠনমূলক' আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, একই সঙ্গে শান্তি উদ্যোগে ধারাবাহিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

ন্যাটো সদস্য ও ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক জানায়, তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সাপ্তাহিক ব্রিফিংয়ে জানায়, চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপান্তর করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে, যাতে পরিস্থিতি আরও জটিল বা নিয়ন্ত্রণের বাইরে না যায়। একই সঙ্গে মন্ত্রণালয় জোর দিয়ে বলে, আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষকে অবশ্যই দায়িত্বশীল ও গঠনমূলক অবস্থান নিতে হবে, যাতে সমঝোতার পথ সহজ হয় এবং দীর্ঘস্থায়ী সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়।

তুরস্কের এক কূটনৈতিক সূত্র জানায়, আসন্ন সপ্তাহান্তে দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশে অনুষ্ঠিতব্য একটি কূটনৈতিক ফোরামের সাইডলাইনে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কাতার সফর শেষে তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে, যা চলমান আঞ্চলিক সংলাপ ও মধ্যস্থতা প্রক্রিয়াকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। সূত্র: আলজাজিরা