যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে তিনি 'যা কিছু সম্ভব' তা করবেন এবং এ লক্ষ্যেই আন্তর্জাতিক জোট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
প্যারিসে এলিসি প্রাসাদে পৌঁছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ'র সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টারমার বলেন, একটি স্থায়ী যুদ্ধবিরতি, কার্যকর সমঝোতা এবং হরমুজ প্রণালির অবাধ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি শক্তিশালী জোট গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধের প্রভাব কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্বজুড়ে অর্থনীতিতে প্রভাব ফেলছে, ফলে এই সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ একত্রিত হচ্ছে এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে।
স্টারমার আরও বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ যেমন জরুরি, তেমনি লজিস্টিক ও অর্থনৈতিক সমন্বয় এবং প্রয়োজনীয় সামরিক পরিকল্পনাও অপরিহার্য, এবং এসব বিষয়েই দেশগুলো একসঙ্গে কাজ করতে এগিয়ে আসছে।
এদিকে, স্টারমার ও ম্যাক্রোঁ যৌথভাবে প্রায় ৪০টি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন, যার উদ্দেশ্য হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারে একটি বহুপাক্ষিক উদ্যোগ গড়ে তোলা। সূত্র: বিবিসি