কিয়েভে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫ জন। 

শনিবার (১৮ এপ্রিল) কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হলোসিভস্কি এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কলিমেনকো জানান, এক ব্যক্তি হঠাৎ রাস্তায় নেমে সাধারণ মানুষের ওপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করেন। এরপর তিনি পথচারীদের কয়েকজনকে জিম্মি করে কাছের একটি সুপারমার্কেটের ভেতরে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং হামলাকারীর সঙ্গে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধে জড়ায়। একপর্যায়ে পুলিশের গুলিতে সুপারমার্কেটের ভেতরেই ওই বন্দুকধারী নিহত হন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানিয়েছেন, হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রাসলান ক্রাভচেঙ্কো চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, নিহত হামলাকারীর বয়স ৫৮ বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি রাশিয়ার রাজধানী মস্কো থেকে কিয়েভে এসেছিলেন। তিনি উচ্চক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এই নারকীয় হত্যাকাণ্ড চালান।

তবে হামলাকারী ঠিক কী উদ্দেশ্যে এই রক্তক্ষয়ী আক্রমণ চালিয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি দেশটির প্রশাসন। ঘটনার পেছনে কোনো রাজনৈতিক বা গোয়েন্দা সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী। সূত্র: বিবিসি।