ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের চুক্তি বাতিলের দাবি স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অ্যাসোসিয়েশন চুক্তি বাতিলের জন্য স্পেন আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করবে।

তিনি বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) স্পেন সরকার ইইউ-তে এমন একটি প্রস্তাব দেবে যাতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি বাতিলের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। তার মতে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তাই ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হিসেবে তার অবস্থান গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া ইউরোপীয় কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে এই চুক্তি ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকে আলোচনার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের জুনে স্বাক্ষরিত এই ইইউ–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তিতে মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। স্পেন ও আয়ারল্যান্ড ২০২৪ সালেই গাজা যুদ্ধের প্রেক্ষাপটে চুক্তি পর্যালোচনার আহ্বান জানিয়েছিল। সূত্র: আলজাজিরা