দীর্ঘস্থায়ী সংঘাতের পর ইউক্রেন যুদ্ধে রাশিয়ার চূড়ান্ত বিজয় এখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, রাশিয়ার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং খোদ ইউক্রেনীয় কর্তৃপক্ষও ভেতরে ভেতরে তা মেনে নিয়েছে।
রাশিয়ার বিভিন্ন পৌরসভার প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় পুতিন জানান, এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কী হতে যাচ্ছে তা নিয়ে এখন আর কারও মনে কোনো সংশয় নেই।
প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, কিয়েভ প্রশাসন এখন মূলত এই অনিবার্য পরাজয়কে কীভাবে বিশ্বমঞ্চে উপস্থাপন করবে এবং রাশিয়ার বিজয়কে কীভাবে দাপ্তরিকভাবে মেনে নেবে, সেই পথ খুঁজছে। সভার এক পর্যায়ে যখন এক প্রতিনিধি রাশিয়ার জয়ের বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শত্রুপক্ষও এখন রাশিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দিহান নয়। পুতিন তাঁর সাথে একমত পোষণ করে জানান যে ইউক্রেনীয় নেতৃত্ব এখন কেবল এই বিজয়কে 'আনুষ্ঠানিক রূপ' দেওয়ার কৌশল নিয়ে ভাবছে।
ক্রেমলিনের এই শক্ত অবস্থান এমন এক সময়ে এলো যখন ইউক্রেন পরিস্থিতির ওপর সারা বিশ্বের নজর রয়েছে। রুশ সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, পুতিন আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করেন যে বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যগুলো অর্জিত হওয়ার পথে এবং প্রতিপক্ষ শক্তিগুলো এখন বাস্তবতাকে মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।