লন্ডনে ২ ইহুদিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী গ্রেপ্তার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ইহুদি অধ্যুষিত এলাকা গোল্ডার্স গ্রিনে (Golders Green) এক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) একটি সিনাগগের কাছে চালানো এই হামলায় দুই ইহুদি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ পুলিশ আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আহতদের মধ্যে একজনের বয়স ৭০-এর কোঠায় এবং অন্যজনের বয়স ৩০-এর ঘরে। হামলার পরপরই তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রথমে তাদের অবস্থা আশঙ্কাজনক বললেও, পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে ভুক্তভোগীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

পুলিশের দেওয়া তথ্যমতে, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে অতর্কিত এই হামলা চালায়। গ্রেপ্তারের সময় সে এমনকি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপরও ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা করে। স্থানীয় ইহুদি স্বেচ্ছাসেবী সংগঠন ‘শোমরিম’ (Shomrim)-এর সদস্যরা প্রথমে সাহস করে হামলাকারীকে জাপটে ধরেন এবং পরে পুলিশ এসে তাকে পূর্ণ নিয়ন্ত্রণে নেয়।

লন্ডন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর জানিয়েছেন, হামলার ধরণ ও প্রেক্ষাপট বিবেচনায় এটি একটি সন্ত্রাসী ঘটনা। গোয়েন্দা দল বর্তমানে হামলাকারীর পরিচয় এবং কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে তার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে।

যে এলাকায় এই হামলা হয়েছে, ঠিক সেখানেই চলতি মাসের শুরুর দিকে একটি রহস্যময় অগ্নিকাণ্ডে চারটি অ্যাম্বুলেন্স পুড়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীর হাতে বিশাল একটি ছুরি ছিল এবং সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বৃদ্ধ ব্যক্তির গলার দিকে আঘাত করার চেষ্টা করছিল। ব্রিটেনে প্রায় ২ লাখ ৮০ হাজার ইহুদির নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা ‘কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট’ (CST) এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ঘটনার পর থেকে গোল্ডার্স গ্রিন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।