লন্ডনের কেন্দ্রে রাতের আঁধারে হঠাৎ করে স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসির নতুন ভাস্কর্য। নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে এই শিল্পকর্ম বসানো হলো তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বুধবার (৩০ এপ্রিল) ভোরের দিকে ওয়েস্টমিনস্টারের সেন্ট জেমস এলাকায় ওয়াটারলু প্লেসে একটি পাদদেশে বসানো হয় ভাস্কর্যটি। এতে দেখা যায় স্যুট পরা এক ব্যক্তি সামনে হাঁটছেন, তবে তার মুখ একটি পতাকা দিয়ে আড়াল করা, যা তাকে প্রতীকীভাবে ‘অন্ধ’ করে ফেলেছে।
প্রতিবেদন অনুযায়ী, পুরো ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে ব্যবহৃত হয় একটি লো-লোডার ট্রাক, ট্রাফিক কন, এবং অভিজ্ঞ একটি দল যারা বড় আকারের কনসার্ট সেটআপের মতো দ্রুত ও সংগঠিতভাবে কাজ করতে সক্ষম। রাতের নিস্তব্ধ সময়কে কাজে লাগিয়ে মাত্র কয়েক মিনিটেই ভাস্কর্যটি স্থাপন করা হয় বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির পডকাস্ট নির্মাতা জেমস পিক প্রশ্ন তুলেছেন, এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে এত বড় একটি ভাস্কর্য সেখানে স্থাপন করা সম্ভব হলো। তার মতে, এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত অপারেশন, যেখানে আগে থেকেই এলাকা পর্যবেক্ষণ ও সময় নির্ধারণ করা হয়েছিল।
স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, এ কাজের জন্য কোনো পূর্ব অনুমতি নেওয়া হয়নি। তবে ভাস্কর্যটি এখন সাময়িকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং ভবিষ্যতে এটি সংরক্ষণ বা অপসারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্যাঙ্কসির এই নতুন কাজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে সময়োপযোগী রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছেন, যেখানে ক্ষমতার প্রতীকী চরিত্রকে অন্ধভাবে এগিয়ে যেতে দেখানো হয়েছে।
ওয়েস্টমিনস্টার কাউন্সিল জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনসাধারণের জন্য শিল্পকর্মটি আপাতত প্রদর্শনযোগ্য রাখা হয়েছে।
উল্লেখ্য, ব্যাঙ্কসি একজন বিশ্বখ্যাত কিন্তু রহস্যময় ব্রিটিশ স্ট্রিট আর্টিস্ট, যার প্রকৃত পরিচয় আজও অজানা। তিনি মূলত গ্র্যাফিতি, দেয়ালচিত্র এবং ইনস্টলেশন আর্টের মাধ্যমে সমকালীন রাজনীতি, যুদ্ধ, পুঁজিবাদ, ভোক্তাবাদ ও সামাজিক বৈষম্যের মতো বিষয়গুলোকে ব্যঙ্গাত্মক ও তীক্ষ্ণভাবে তুলে ধরেন। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন শহরে হঠাৎ করেই তার শিল্পকর্ম দেখা যায়, যা প্রায়ই গভীর বার্তা বহন করে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। গোপনীয়তা বজায় রেখেই কাজ করা, অনুমতি ছাড়াই জনসমক্ষে শিল্প স্থাপন করা এবং শিল্পের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য তুলে ধরা- এসব বৈশিষ্ট্যের কারণেই ব্যাঙ্কসি আধুনিক সময়ের সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত স্ট্রিট আর্টিস্টদের একজন হিসেবে বিবেচিত। সূত্র: বিবিসি