হরমুজ প্রণালি সংকট

যুক্তরাষ্ট্র ও ইরানের ‘সমন্বিত’ উদ্যোগের আহ্বান ম্যাক্রোর

পারস্য উপসাগরের অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় সচল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই ‘সমন্বিত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার সামরিক বাহিনীকে প্রণালীতে জাহাজ ‘গাইড’ করার নির্দেশ দিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই এমন প্রস্তাব দিলেন ফরাসি প্রেসিডেন্ট।

আর্মেনিয়ায় আয়োজিত ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, আমরা সবকিছুর ঊর্ধ্বে যা চাই তা হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের একটি সমন্বিত উদ্যোগ। হরমুজ প্রণালি খোলার জন্য এটিই একমাত্র টেকসই সমাধান।

ট্রাম্প প্রশাসনের ‘প্রজেক্ট ফ্রিডম’ বা সামরিক পাহারায় জাহাজ চলাচলের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সরাসরি অংশ নিতে অনীহা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ। তিনি স্পষ্ট করে বলেন, যে সামরিক অভিযানের রূপরেখা বা কাঠামো আমার কাছে অস্পষ্ট মনে হয়, তাতে আমরা অংশ নিতে যাচ্ছি না।

উল্লেখ্য, ফ্রান্স ও ব্রিটেন আগে থেকেই একটি জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে শান্তি নিশ্চিত হওয়ার পর প্রণালীটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা যায়। তবে ম্যাক্রোঁর বর্তমান বক্তব্য থেকে এটি পরিষ্কার যে, এককভাবে কোনো দেশের সামরিক হস্তক্ষেপের চেয়ে কূটনৈতিক উপায়ে দুই প্রধান প্রতিপক্ষের (যুক্তরাষ্ট্র ও ইরান) অংশগ্রহণকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্যারিস।

বিশেষজ্ঞরা মনে করছেন, ম্যাক্রোঁর এই অবস্থান ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন এবং সংঘাত এড়ানোর দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই প্রতিফলন।