হিজবুল্লাহকে থামার আহ্বান ইতালির

লেবানন ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইতালি। একই সঙ্গে লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নিয়মিত সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে সহায়তার প্রস্তুতির কথাও জানিয়েছে দেশটি।

এক্সে দেওয়া এক পোস্টে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও টাজানি বলেন, লেবানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি–এর সঙ্গে আলোচনায় তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেছেন।

তাজানি বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতি বজায় রাখতে লেবাননের বৈধ সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রতিও সংযম প্রদর্শনের আহ্বান জানান। তার ভাষায়, ইসরায়েলেরও সামরিক উত্তেজনা বৃদ্ধির পথ থেকে সরে আসা প্রয়োজন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো কূটনীতি। সংঘাত ও সামরিক পদক্ষেপ নয়, বরং আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব।

উল্লেখ্য, ইতালি দীর্ঘদিন ধরে লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন–এর অন্যতম বড় অবদানকারী দেশ এবং বৈরুতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সূত্র: আলজাজিরা