ফ্রান্সজুড়ে চলমান তীব্র দাবদাহ এবার আঘাত হেনেছে দেশটির পারমাণবিক বিদ্যুৎ খাতেও। অতিরিক্ত গরমে নদীর পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক চুল্লি সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনা হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত গোলফেশ-২ চুল্লিটি সোমবার (২২ জুন) রাত থেকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে পূর্বাঞ্চলের সাঁ-আলবান-২, বুজে-৩ এবং প্যারিসের দক্ষিণ-পূর্বে অবস্থিত নোজঁ-২ চুল্লিতে উৎপাদন সীমিত করা হয়েছে।
ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো শীতলীকরণের জন্য নদীর পানি ব্যবহার করে। ব্যবহারের পর সেই পানি অপেক্ষাকৃত বেশি তাপমাত্রায় আবার নদীতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু দাবদাহের কারণে নদীর পানিই যখন অতিরিক্ত উষ্ণ হয়ে ওঠে, তখন পরিবেশগত ঝুঁকি এড়াতে বিদ্যুৎ উৎপাদন কমাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ফরাসি পরিবেশবিষয়ক বিধিমালা অনুযায়ী, নদীর পানির তাপমাত্রা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে জলজ প্রাণীর সুরক্ষার স্বার্থে পারমাণবিক কেন্দ্রগুলোর উৎপাদন সীমিত করতে হয়। কারণ অতিরিক্ত গরম পানি নদীতে ফিরিয়ে দিলে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের বিদ্যুৎ অবকাঠামোর ওপর নতুন চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ আরও ঘনঘন ও তীব্র হওয়ায় ভবিষ্যতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেও এমন চ্যালেঞ্জ বাড়তে পারে। সূত্র: সিএনএন