ইরানি জাহাজে হামলা, ইউক্রেনের মন্ত্রী বললেন 'ভিকটিম কার্ড' খেলার সুযোগ নেই

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে কথিত হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানের অভিযোগের কড়া জবাব দিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়াকে অস্ত্র দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করা ইরানের ‘ভুক্তভোগী’ সাজার কোনো নৈতিক অধিকার নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিবিহা অভিযোগ করেন, ২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে ইরান সরাসরি সহযোগী হিসেবে কাজ করছে।

তিনি বলেন, তেহরানের শাসকগোষ্ঠী রাশিয়াকে এমন অস্ত্র সরবরাহ করেছে, যা ইউক্রেনের অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাই এখন নিজেদের ক্ষতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করা কিংবা জাতিসংঘ সনদের দোহাই দিয়ে হুমকি দেওয়ার কোনো বৈধতা তাদের নেই।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজ চলাচলের ওপর রাশিয়ার হামলা থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরিয়ে নিতেই ইরান নতুন ইস্যু সামনে আনছে। তবে এ চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সিবিহা বলেন, রাশিয়ার নৌপথে হামলা আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তার জন্যও বড় হুমকি। এ বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শক্ত প্রতিক্রিয়া প্রত্যাশা করছে কিয়েভ।

এর আগে শনিবার (২৫ জুলাই) ইরান দাবি করে, কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। তেহরান এ ঘটনাকে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানায়। সূত্র: আলজাজিরা