ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে আলোচনায় এসেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির তরুণ পেন্ট্রা বুশিমা আমিন। বর্তমানে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির হয়ে অংশ নিচ্ছেন তিনি।
৬ আগস্ট শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত। এবার পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসিরের বিভিন্ন বিভাগে বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ ঘটেছে।
মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর অনুপ্রেরণায় ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় পেন্ট্রার। ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও জীবনব্যবস্থা তাকে গভীরভাবে আকৃষ্ট করে। পরে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তাঁর ইসলাম গ্রহণে অনুপ্রাণিত হয়ে বাবা-মা ও এক বোনসহ পরিবারের আরও চার সদস্যও ইসলাম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পরপরই কুরআন হিফজের প্রতি মনোযোগী হন পেন্ট্রা। প্রবল আগ্রহ, কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে মাত্র পাঁচ মাসের মধ্যেই পুরো কুরআন মুখস্থ করে ফেলেন তিনি। পরবর্তীতে নিয়মিত পুনরাবৃত্তি ও অনুশীলনের মাধ্যমে নিজের হিফজ ও তিলাওয়াত আরও শুদ্ধ ও নির্ভুল করার চেষ্টা চালিয়ে যান।
কুরআন হিফজের পর বুরুন্ডিতে অনুষ্ঠিত একটি জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশ নেন পেন্ট্রা। প্রায় ৫০০ প্রতিযোগীর ওই আয়োজনে প্রথম স্থান অর্জন করেন তিনি। জাতীয় পর্যায়ে এই সাফল্যই তাকে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দেয়।
মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কুরআন-সংশ্লিষ্ট প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পেরে নিজের আনন্দের কথা জানিয়েছেন পেন্ট্রা।
তিনি বলেন, ইসলাম গ্রহণের মাত্র এক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সঙ্গে একই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় অর্জন। একই সঙ্গে কুরআন এবং কুরআনের খাদেমদের প্রতি সৌদি আরবের নেতৃত্বের পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন তিনি। এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের জন্যও সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পেন্ট্রা।
আন্তর্জাতিক ইসলামি সংবাদ সংস্থা আইকিউএনএ এবং সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, পেন্ট্রা বুশিমা আমিনের এই ব্যতিক্রমী যাত্রা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ইসলাম গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কুরআন হিফজ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার ঘটনা তাঁর অধ্যবসায়, নিষ্ঠা ও কুরআনের প্রতি গভীর ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।