ব্রিটেনের কাছ থেকে গোপন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাওয়ার পথ খুলেছে ইউক্রেন। এর ফলে ব্রিটিশ-ফরাসি নকশায় তৈরি দীর্ঘপাল্লার স্কাল্প ক্ষেপণাস্ত্র ইউক্রেনেই উৎপাদনের সুযোগ তৈরি হবে। কিয়েভের জন্য এটি রাশিয়ার ভূখণ্ডের গভীরে আরও শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনে স্কাল্প ক্ষেপণাস্ত্রের উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে ব্রিটেনের তৈরি কিছু উপাদানের গোপন প্রযুক্তির তথ্য প্রকাশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে দেশটি। সোমবার (২৪ আগস্ট) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফ্রান্স ও ইউক্রেনের লক্ষ্য, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে ক্ষেপণাস্ত্রটির উৎপাদন লাইন চালু করা।
ইউরোপীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএর তৈরি স্কাল্প যুক্তরাজ্যে স্টর্ম শ্যাডো নামে পরিচিত। এটি প্রচলিত বিস্ফোরক বহনকারী দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর পাল্লা সর্বোচ্চ প্রায় ৫৫০ কিলোমিটার এবং এতে ৪০০ কেজি ওজনের উচ্চক্ষমতার বিস্ফোরক ওয়ারহেড বহন করা যায়।
ইউক্রেন এরই মধ্যে বিদেশ থেকে পাওয়া স্কাল্প ও স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি ভূখণ্ডের কাছাকাছি নিচু দিয়ে উড়ে প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য নকশা করা হয়েছে। এর নেভিগেশন ব্যবস্থায় উপগ্রহ-নির্ভর প্রযুক্তির পাশাপাশি ভূখণ্ডের মানচিত্র ও তাপ-অনুসন্ধানী ব্যবস্থা ব্যবহার করা হয়।
সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনে এর উৎপাদন শুরু হলে রাশিয়ার ভূখণ্ডের গভীরে থাকা সামরিক স্থাপনা, কমান্ড সেন্টার ও শক্তভাবে সুরক্ষিত লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বাড়তে পারে। তবে নতুন উৎপাদনব্যবস্থা দ্রুত বড় আকারে চালু করা সম্ভব হবে না; পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে কয়েক বছরও লেগে যেতে পারে।
ব্রিটেনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেছেন, ইউক্রেনকে এভাবে সহায়তা দিয়ে ব্রিটেন যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে এবং সংঘাত আরও উসকে দিচ্ছে।
ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বাড়লেও দেশটির বড় দুর্বলতা এখনো আকাশ প্রতিরক্ষায়। সাম্প্রতিক সময়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ঘাটতি প্রকট হয়েছে। ফলে হামলার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতেও মিত্রদের সহায়তা চাইছে কিয়েভ।
এদিকে ইউক্রেন নিজস্ব দীর্ঘপাল্লার অস্ত্র উৎপাদনেও এগোচ্ছে। দেশটির তৈরি এফপি-৫ ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে পশ্চিমা সহায়তায় স্কাল্পের সম্ভাব্য স্থানীয় উৎপাদনের পাশাপাশি নিজস্ব দূরপাল্লার অস্ত্রভান্ডারও দ্রুত বাড়ানোর চেষ্টা করছে কিয়েভ। সূত্র: বিবিসি