ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ-অধিকৃত লুহানস্কে একটি বাসে ইউক্রেনীয় বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলের নেতা লিওনিদ পাশেচনিক বুধবার এ দাবি করেছেন।
পাশেচনিকের ভাষ্য অনুযায়ী, হামলায় বাসের ৮ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ২০ বছর বয়সী এক নারী মারা যান। বাসটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন এবং হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
রুশ কর্তৃপক্ষ হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে। তবে হামলার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। রুশ-নিয়ন্ত্রিত এলাকার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় থাকায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। বুধবার ইউক্রেন রাশিয়ার তামবভ অঞ্চলে একটি বড় ওয়াইল্ডবেরিজ গুদামেও ড্রোন হামলা চালিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
তামবভের গভর্নরের দাবি, প্রায় ১ লাখ বর্গমিটার আয়তনের গুদামটি আগুনে পুরোপুরি ধ্বংস হয়েছে। রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনায় সাম্প্রতিক সময়ে ইউক্রেনের হামলা বেড়েছে।
রয়টার্সের স্যাটেলাইট-চিত্র বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ২০টির বেশি ওয়াইল্ডবেরিজ ও ওজন গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় অন্তত ১৯ লাখ বর্গমিটার গুদাম অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।