স্পেনে অভিবাসীদের ঢল

ইসরায়েল থেকে অপতথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে: স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের সেউতা অঞ্চলে গত মাসে অভিবাসীদের ব্যাপক ঢলের পেছনে ইসরায়েল থেকে অপতথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে এ ঘটনায় মরক্কোর কর্তৃপক্ষ জড়িত ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) স্প্যানিশ রেডিও স্টেশন SER-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ বলেন, সেউতা সংকটে মরক্কোর কর্তৃপক্ষের সম্পৃক্ততা নিয়ে যে আলোচনা বা জল্পনা চলছে, তা তিনি সরাসরি নাকচ করছেন।

গত ৩০ ও ৩১ জুলাই ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকার সঙ্গে থাকা মাত্র দুটি স্থলসীমান্তের একটি সেউতায় নজিরবিহীনভাবে প্রায় ৭২ হাজার অভিবাসী অনিয়মিতভাবে প্রবেশ করেন। স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, এ সময় সীমান্ত অতিক্রমের চেষ্টায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়।

স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়েছিল। এসব পোস্টে দাবি করা হয়, সমুদ্রপথে সেউতায় পৌঁছাতে পারলে অভিবাসীরা স্পেনে অবস্থান করতে পারবেন। এতে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে।

সানচেজ জানান, ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সংস্থা EEAS-এর গবেষণায় রাশিয়া ও ইসরায়েল-সংশ্লিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে অপতথ্য ছড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এসব নেটওয়ার্কের সঙ্গে ইউরোপের উগ্র ডানপন্থী বিভিন্ন গোষ্ঠীরও যোগাযোগ ছিল বলে তিনি দাবি করেন।

স্পেনের প্রধানমন্ত্রীর অভিযোগ, ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে মাদ্রিদের অবস্থানে অসন্তুষ্ট হওয়ার কারণে রাশিয়া ও ইসরায়েল সেউতা সংকটকে স্পেনের বিরুদ্ধে সমালোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

এদিকে সেউতায় এখনো প্রায় ৫ হাজার অভিবাসী অবস্থান করছেন। তাদের মধ্যে কয়েকজন আশ্রয়প্রার্থীও রয়েছেন। সংকট মোকাবিলায় সরকারের ভূমিকার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ প্রায় প্রতিদিনই হচ্ছে। পাশাপাশি এল ত্রাম্পোলিন সৈকতে তৈরি অস্থায়ী অভিবাসী শিবিরেও বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সেউতার জন্য অতিরিক্ত ১৬৮ মিলিয়ন ইউরো জরুরি তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন সানচেজ। এই অর্থ সেউতার অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ব্যবহার করা হবে, যা অঞ্চলটির মোট দেশজ উৎপাদনের প্রায় ৮ শতাংশের সমান। এর আগে মধ্যমেয়াদি পুনরুদ্ধার কার্যক্রমের জন্য আরও ১৮০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।

অন্যদিকে, ইতালি স্পেনের সঙ্গে যাতায়াতের ক্ষেত্রে আরোপ করা সীমান্ত তল্লাশি আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১ আগস্ট থেকে চালু হওয়া এই ব্যবস্থা বাড়ানোর কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তল্লাশি চালুর সময় যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করা হয়েছিল, তা এখনো প্রাসঙ্গিক।

ইতালি জানিয়েছে, সেউতা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের নেওয়া উদ্যোগগুলোও তারা বিবেচনায় রাখছে।

ইতালি ও স্পেনের মধ্যে সরাসরি কোনো স্থলসীমান্ত নেই। তবে দুই দেশই শেনজেন অঞ্চলের সদস্য হওয়ায় সাধারণত স্পেন থেকে ইতালিতে যাওয়া যাত্রীদের পাসপোর্ট নিয়ন্ত্রণের মুখোমুখি হতে হয় না। সেউতা সংকটের পর বর্তমানে স্পেন থেকে আসা ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত পাসপোর্ট যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।