স্বল্পমেয়াদে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি দুই দেশের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার ওপর নির্ভর করছে।
ম্যাক্রোঁ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি চূড়ান্ত করার সক্ষমতার ওপরই বিষয়টি নির্ভর করছে। তবে স্বল্পমেয়াদে এমন একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন তিনি।
হরমুজ প্রণালি শান্তিপূর্ণভাবে পুনরায় খুলে দেওয়ার জন্য ফ্রান্স সম্ভাব্য সবকিছু করছে বলেও জানান ম্যাক্রোঁ। তিনি বলেন, সমঝোতা হলে তেলবাহী জাহাজ ও কনটেইনারবাহী জাহাজকে নিরাপদে প্রণালি পার করে দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক মিশন গঠনের বিষয়ে কাজ করছে ফ্রান্স।
ফরাসি প্রেসিডেন্ট জানান, গত এপ্রিল থেকে ফ্রান্স যে উদ্যোগ নিয়ে কাজ করছে, তার ওপর ভিত্তি করেই এই পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনকে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার কার্যক্রমের সঙ্গে যুক্ত করার বিষয়টিও রয়েছে।
ম্যাক্রোঁ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়ার সঙ্গে সঙ্গেই তেলবাহী ও কনটেইনারবাহী জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ করে দিয়ে হরমুজ প্রণালি শান্তিপূর্ণভাবে পুনরায় খুলে দেওয়াই তাদের লক্ষ্য। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল