সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে নাগরিকদের সতর্ক করেছে কানাডা। সামরিক তৎপরতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বিবেচনায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির সরকার।
২২ অক্টোবর হালনাগাদ করা ভ্রমণ সতর্কবার্তায় কানাডার সরকার জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের একাধিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।
কানাডার ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। ভবিষ্যতে আরও হামলা হলে সৌদি আরবের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এমনকি খুব অল্প সময়ের নোটিশে, কিংবা কোনো আগাম সতর্কতা ছাড়াই, অন্য বিমানবন্দরও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কানাডা।
এ কারণে রিয়াদ ও দাম্মামের উল্লিখিত দুই বিমানবন্দরে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে কানাডীয় নাগরিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শুধু দুটি বিমানবন্দর নয়, সামগ্রিকভাবে সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে কানাডা। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ উল্লেখ করে দেশটির সরকার নাগরিকদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবরের মধ্যে এই সতর্কতা জারি করা হলো। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়া কিংবা ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের আশঙ্কায় যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দরের সর্বশেষ নির্দেশনা যাচাই করার প্রয়োজন রয়েছে।