ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলো ভাগাভাগি করতে সম্মত হয়েছেন বিরোধী নেতারা। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের উদ্যোগে চার বিরোধী নেতার সঙ্গে এ সমঝোতা হয়েছে। নতুন পার্লামেন্টের স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নেয়ার আগে সাংবাদিকদের আইজেনকট বলেন, বর্তমান জটিল পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব জাতীয় জরুরি সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নাফতালি বেনেট, ইয়াইর গোলান, আভিগদর লিবারম্যান ও ইয়াইর লাপিদের সঙ্গে এই সমঝোতা হয়েছে। পার্লামেন্টের ২৬তম অধিবেশনে গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য প্রার্থীদের নামও চূড়ান্ত করেছেন তারা।
সমঝোতা অনুযায়ী, হাউস কমিটির চেয়ারম্যান পদে রয় ফোকম্যান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান পদে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এবং অর্থ কমিটির চেয়ারম্যান পদে লিরান আভিসার বেন হোরিনকে প্রস্তাব করা হয়েছে।
এর আগে ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। আইজেনকটের জোটের আসন ৪৮টি। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসন ৫৩টি। সরকার গঠনের জন্য আইজেনকটকে আরও কয়েকটি দলের সমর্থন আদায় করতে হবে।
সরকার গঠনের জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন। এ ক্ষেত্রে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।