কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিমালা তৈরির আলোচনা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি জাতিসংঘ। জেনেভায় টানা পাঁচ দিনের আলোচনা শুক্রবার (২০ নভেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধের কারণে তা শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত গড়িয়েছে। অস্ত্র উৎপাদনে বড় দেশগুলোর বিরোধিতায় বাধ্যতামূলক আন্তর্জাতিক নিয়ম তৈরির উদ্যোগও অনিশ্চয়তার মুখে পড়েছে।
মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই লক্ষ্য শনাক্ত করে হামলা চালাতে সক্ষম এসব অস্ত্রকে বলা হয় লিথাল অটোনোমাস ওয়েপন সিস্টেম বা প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা। প্রচলিত ভাষায় এগুলো পরিচিত ‘কিলার রোবট’ নামে। যুদ্ধক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা, নৈতিকতা এবং আন্তর্জাতিক মানবিক আইন নিয়ে উদ্বেগ বাড়ছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত বৈঠক চলতে থাকে। রাশিয়াসহ কয়েকটি দেশ বিভিন্ন আপত্তি ও সংশোধনী উত্থাপন করায় সমঝোতার পথ কঠিন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলো এসব অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আন্তর্জাতিক আইন প্রণয়নের বিরোধিতা করছে।
রয়টার্সের দেখা একটি খসড়া প্রস্তাবে আপাতত বাধ্যতামূলক আইন নিয়ে আলোচনা না করে ধাপে ধাপে নতুন নিয়ম ও অন্যান্য ব্যবস্থা তৈরির কথা বলা হয়েছে। যদিও প্রায় ১০০টি দেশ আইনগতভাবে বাধ্যতামূলক বিধির পক্ষে সমর্থন জানিয়েছে।
আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর অবস্থান নিয়েও বিভক্তি দেখা দিয়েছে। একজন কূটনীতিক মনে করছেন, বিভিন্ন দেশের অবস্থান কিছুটা কাছাকাছি আসছে। অন্যদিকে আরেকজনের মতে, বিরোধী পক্ষগুলোর অবস্থান এখনো অত্যন্ত কঠোর।
ফিউচার অব লাইফ ইনস্টিটিউটের সামরিক এআই ব্যবস্থাপনা বিভাগের প্রধান আনা হেহির অভিযোগ করেন, আলোচনার শেষ পর্যায়েও কয়েকটি দেশ অগ্রগতি আটকে রাখছে এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ও অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। তাঁর মতে, কোনো সমঝোতা ছাড়া বৈঠক শেষ হলে তা বিশ্ববাসীর জন্য হতাশাজনক হবে।
ইউক্রেন, সুদান, গাজা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সহায়ক অস্ত্রের ব্যবহার ইতোমধ্যে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব প্রযুক্তির ব্যবহার নিয়ে নৈতিক উদ্বেগ থাকলেও জাতিসংঘের মহাসচিব, পোপ এবং আন্তর্জাতিক রেড ক্রস কঠোর ও আইনগতভাবে বাধ্যতামূলক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।
রাশিয়া শুক্রবার আলোচনায় বারবার আপত্তি তোলে এবং খসড়ায় বিভিন্ন সংশোধনী প্রস্তাব করে। বৈঠকের সময় রুশ ও মার্কিন প্রতিনিধিদের সুইজারল্যান্ডের আলোচনাপ্রধান জুলিয়েন থোনির সঙ্গে একাধিকবার আলোচনা করতে দেখা যায়।
বেসামরিক অধিকার সংগঠনগুলোর একাংশ বর্তমান খসড়ারও সমালোচনা করেছে। তাদের মতে, জাতিসংঘের বিদ্যমান কাঠামোতে ১২৮টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মতি ছাড়া সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই প্রক্রিয়া এক দশকেরও বেশি সময় ধরে চললেও কার্যকর অগ্রগতি হয়নি। তাই বর্তমান কাঠামোর বাইরে নতুন উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে।
লেক্স ইন্টারন্যাশনাল ফান্ডের ম্যাগনাস লোভোল্ডের মতে, প্রস্তাবটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অকার্যকর ঐকমত্যের প্রক্রিয়ায় আলোচনা আরও দীর্ঘ সময় আটকে থাকে।
তবে সবাই আলোচনার টেবিল থেকে খালি হাতে ফিরতে চান না। নিরস্ত্রীকরণবিষয়ক জাতিসংঘ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত ফেদেরিকো মেয়ার বলেন, কোনো সমঝোতা ছাড়া ফিরে যাওয়া বিশ্বের জন্য, জাতিসংঘের জন্য এবং মানবজাতির জন্য ভয়াবহ হবে।
প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ঐকমত্য এখনো অধরা। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে দ্রুত। কিন্তু এসব অস্ত্রের সিদ্ধান্ত গ্রহণ ও হামলার ক্ষমতা কতটা মানুষের হাতে থাকবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই জাতিসংঘের আলোচনা এখনো চলছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড