নাভালনির মরদেহ পাচ্ছেন না পরিবার

পুতিনের কট্টর সমালোচক ও রাশিয়ার কারাবন্দি বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রাশিয়ার সালেখার্ড শহরের মর্গে গিয়েছিলেন নাভালনির মা এবং তার আইনজীবী। কিন্তু শনিবার (১৬ ফেব্রুয়ারি) সেখানে যাওয়ার পর মর্গটি বন্ধ পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করলে জানা যায়, মরদেহ মর্গে নেই। এ ঘটনার পর নাভালনির সমর্থকরা মরদেহটি অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে পুতিনের নির্দেশেই নাভালনিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, আমরা নিশ্চিতভাবেই জানি এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। তারা এখন হত্যার প্রমাণ লোপাট করতে চাইছে। যে কারণে তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করছে না। তারা নাভালনির মরদেহ লুকিয়ে রাখছে।

তবে রুশ কর্তৃপক্ষ বলেছে, নাভালনির আকস্মিক মৃত্যু হয়েছে এবং এ ঘটনার তদন্ত করা হচ্ছে। সূত্র: বিবিসি