মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতাদের সামনে আবেগপূর্ণ এক ভাষণে সরকারবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি এর বিচার চান। এর মধ্য দিয়ে রাশিয়ার নিপীড়ন ও নির্যাতনের শিকার সরকারবিরোধী রাজনীতিকদের মধ্যে একটি গুরুপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন ইউলিয়া।
২০২০ সালে যখন অ্যালেক্সি নাভালনির শরীরে ‘নোভিচক’ বিষ প্রয়োগ করা হয়েছিল, তখনও ইউলিয়াকে তৎপর দেখা গিয়েছিল। জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য স্বামীকে রাশিয়ার বাইরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন।
ইউলিয়াকে বলা হতো রাশিয়ার বিরোধী ‘ফার্স্ট লেডি’। নাভালনিও বলেছিলেন, ইউলিয়াকে ছাড়া একাকি ক্রেমলিনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারতেন না তিনি। মস্কোর সমালোচনায় এতটা দুর্বার হতেও পারতেন না।
ইউলিয়ার জন্ম ১৯৭৬ সালে মস্কোয়। তার পারিবারিক নাম ইউলিয়া আমব্রোসিমোভা। তার বাবা ছিলেন সর্বজনশ্রদ্ধেয় বিজ্ঞানী বোরিস আমব্রোসিমভ। ইউলিয়া অর্থনীতিতে স্নাতক করেন। ব্যাংকে চাকরি শুরু করলেও দুই সন্তানের জন্মের পর তা আর করেননি।
ইউলিয়াকে একজন ‘আদর্শবান ও নির্ভীক’ নারী হিসেবে সম্বোধন করতেন রাশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউল। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে তিনি বলেছিলেন, নাভালনি কখনোই ইউলিয়ার চেয়ে ভালো জীবনসঙ্গী পেতেন না। স্বামীর বিশ্বাস, সাহস ও নির্ভীকতা ভাগ করে নিয়েছিলেন তিনি।
স্বামীর মৃত্যুর পর ইউলিয়া একটি ভিডিও বার্তায় বলেছেন, আমরা একটি স্বাধীন, শান্তিপূর্ণ ও সুখী রাশিয়া চাই। আমার স্বামী রাশিয়াকে চমৎকার করে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। তার স্বপ্নে দেখা সেই দেশটিই আমি আপনাদের সঙ্গে নিয়ে গড়তে চাই। দেশের জন্য যে অকল্পনীয় আত্মত্যাগ তিনি করেছেন, তা আমরা ব্যর্থ হতে দেব না।
সূত্র : বিবিসি