পাকিস্তানের ‘অপারেশন গজব লিল হক’, ১৩৩ আফগান সেনা নিহত

সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলা ও অপহরণের চরম প্রতিশোধ নিতে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ভয়াবহ হামলায় অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই শতাধিক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ শুক্রবার ভোরে এক বার্তায় এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করে পাকিস্তান বিমান বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় সিরিজ বোমা হামলা চালানো হয়। এসব হামলায় আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদের ডিপো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

পাকিস্তান দাবি করেছে, সম্প্রতি সীমান্তে আফগান বাহিনী অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন পাকিস্তানি সেনাকে হত্যা করে এবং কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার জেরে পাকিস্তান সরকার কড়া হুঁশিয়ারি দিয়েছিল। অপহরণের জবাবেই আজ ভোরে এই ব্যাপক সামরিক অভিযান শুরু করা হয়।

বর্তমানে দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান বিমান বাহিনীর এই অতর্কিত হামলায় আফগান প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।