সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে সীমান্তে চলমান ভয়াবহ সংঘর্ষের প্রেক্ষাপটে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং সাধারণ নাগরিকদের রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পৃথক পৃথক বিবৃতিতে পাকিস্তান সরকারের শীর্ষ এই দুই নেতা আফগান তালেবান সরকারের উসকানিমূলক হামলার কড়া জবাব দেওয়ার কথা জানান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর বিবৃতিতে বলেন, ‘দেশের প্রতিরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না। প্রতিটি আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর ও যথাযথ। আফগান বাহিনী উসকানিমূলক হামলা চালিয়ে পাকিস্তানের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে, যার উচিত জবাব দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী।’

তিনি আরও জানান, চিফ অব আর্মি স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী আধুনিক সামরিক কৌশল ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবিলায় পুরোপুরি সক্ষম। শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, কিন্তু আমাদের অখণ্ডতা নিয়ে কেউ ছিনিমিনি খেললে জাতি ও সেনাবাহিনী এক হয়ে তা প্রতিহত করবে।’

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেন, ‘শান্তি ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে পাকিস্তান এক চুলও ছাড় দেবে না। কেউ যদি আমাদের শান্তিকামী অবস্থানকে দুর্বলতা মনে করে ভুল করে, তবে তাকে পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত ও সমন্বিত জবাবের মুখোমুখি হতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন যে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নাগালের বাইরে কেউ নেই।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, আফগান বাহিনীর অবস্থান, গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট এবং গোলাবারুদের গুদাম লক্ষ্য করে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও সেনাবাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় আফগান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বর্তমানে পাক-আফগান সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হওয়ায় দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে।