ভারতে বাড়লো গ্যাসের দাম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভারতে রান্নার গ্যাসের (এলপিজি) দাম এক লাফে অনেকটা বৃদ্ধি পেয়েছে। 

শনিবার (৭ মার্চ) থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় গার্হস্থ্য ও বাণিজ্যিক উভয় ধরনের সিলিন্ডারের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। এর ফলে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে বড় ধরনের টান পড়েছে।

কলকাতায় ১৪ কেজি ওজনের গার্হস্থ্য সিলিন্ডারের দাম ৮৭৯ রুপি থেকে ৬০ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ রুপিতে। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১ হাজার ৮৭৬ রুপি থেকে ১১৪ রুপি বাড়িয়ে ১ হাজার ৯৯০ রুপি করা হয়েছে।

দামের পাশাপাশি সরবরাহেও বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ডিস্ট্রিবিউটরদের হাতে মাত্র ৪ থেকে ৫ দিনের মজুত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে বড় গ্রাহক ও বাণিজ্যিক ব্যবহারকারীদের ক্ষেত্রে সরবরাহে কড়াকড়ি (রেশনিং) আরোপ করা হয়েছে।

এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস বলেন, ‘সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা আপাতত বড় বাণিজ্যিক গ্রাহকদের সাপ্লাই কমিয়ে দিয়েছি। সাধারণ গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন, সেটাই আমাদের মূল লক্ষ্য। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে দাম আরও বাড়তে পারে।’

গ্যাসের দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কলকাতার অনেক মধ্যবিত্ত পরিবার এখন বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা বা কাঠের চুলায় রান্নার কথা ভাবছেন। তবে বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কায় সেখানেও স্বস্তি নেই। এক ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘হাজার রুপি দিয়ে গ্যাস কেনা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। যুদ্ধের প্রভাব সরাসরি আমাদের ভাতের থালায় এসে পড়ছে।’