পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, ২০২১ সালের মতো আট দফায় নয়, বরং এবারের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সম্পন্ন হবে মাত্র দুই দফায়। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
তফসিল ঘোষণার পরপরই আজ সোমবার বিকেলে রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। সেখানে ভোটের প্রস্তুতি ও নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দফার সংখ্যা কমিয়ে আনা হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্পর্শকাতরতা এবং সহিংসতার আশঙ্কার কথা মাথায় রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে এককভাবে পশ্চিমবঙ্গেই ভোটার রয়েছেন ৬ কোটি ৪৪ লাখ। রাজ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লাখ এবং নারী ভোটার ৩ কোটি ১৬ লাখ। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১৫২ জন। সব মিলিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ৮২৪টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।