বিধানসভা নির্বাচনে বিজেপির ১৪৪, বামফ্রন্টের ১৯২ আসনে প্রার্থী ঘোষণা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। জাতীয় নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পরপরই রাজ্যের প্রধান দুই বিরোধী শিবির বিজেপি এবং বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ভারতের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে এবার দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজেপি প্রথম দফায় ১৪৪টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে এবার দুটি হাই-প্রোফাইল আসনে প্রার্থী করেছে দল। শুভেন্দু একই সাথে দক্ষিণ কলকাতার ভবানীপুর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি) এবং গতবারের জয়ের কেন্দ্র নন্দীগ্রাম থেকে লড়াই করবেন।

বিজেপির অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাবেক ক্রিকেটার অশোক দিন্দা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ এবং রাসবিহারী কেন্দ্রে অভিনেতা রুদ্রনীল ঘোষ। মুসলিম অধ্যুষিত আমডাঙ্গা কেন্দ্রে বিজেপি ভরসা রেখেছে অরিন্দম দে-র ওপর।

অন্যদিকে, বামফ্রন্ট ১৯২টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এই তালিকায় প্রবীণ ও তরুণ প্রজন্মের সমন্বয় দেখা গেছে। যাদবপুর কেন্দ্রে লড়ছেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কামারহাটিতে মানস মুখার্জি এবং উত্তরপাড়ায় লড়বেন তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি।

মানবিক ও আবেগপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবে কালিয়াগঞ্জ উপনির্বাচনের সহিংসতায় নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বামফ্রন্ট। তবে লক্ষণীয় বিষয় হলো, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম কিংবা মমতার সম্ভাব্য কেন্দ্র ভবানীপুরে বামফ্রন্ট এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি।

২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে হইচই ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর উপনির্বাচনে জিতে যান মমতা। এবার শুভেন্দু সরাসরি ভবানীপুরে মমতাকে চ্যালেঞ্জ জানানোয় রাজনৈতিক লড়াই এক ভিন্ন মাত্রা পেতে যাচ্ছে।