ভারতের বিমানবাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, গ্রেপ্তার ১

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) অত্যন্ত সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে এক বেসামরিক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তারকৃত সুমিত কুমার (৩৬) আসামের একটি বিমানবাহিনী স্টেশনে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে ইসলামাবাদে তথ্য পাচারের অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

রাজস্থান গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী গোয়েন্দা শাখার একটি বিশেষ যৌথ অভিযানে সুমিতকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (গোয়েন্দা) প্রফুল্ল কুমার জানান, গত জানুয়ারি মাসে রাজস্থানের জয়সলমীর থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের পর একটি বড় ধরণের গোয়েন্দা জালের সন্ধান পাওয়া যায়। সেই তদন্তের সূত্র ধরেই সুমিত কুমারের নাম সামনে আসে এবং তাকে শনাক্ত করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত সুমিত স্বীকার করেছেন যে, তিনি ২০২৩ সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। মূলত বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন গোপন ও সংবেদনশীল তথ্য তাদের কাছে সরবরাহ করতেন।

সুমিত কুমার আসামের ওই বিমানবাহিনী স্টেশনে বেসামরিক কর্মচারী হিসেবে কর্মরত থাকার সুবাদে গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র ও তথ্যের নাগাল পেতেন। তিনি সেসব তথ্য ‘হ্যান্ডলারদের’ কাছে পৌঁছে দিতেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন।

গ্রেপ্তারের পর সুমিতকে রাজস্থানের জয়পুরে একটি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভারতের একাধিক জাতীয় গোয়েন্দা সংস্থা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে। এই পাচারচক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।