মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে পাকিস্তান যেভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে, তার তীব্র সমালোচনা করেছে ভারত। বুধবার (২৫ মার্চ) দিল্লিতে আয়োজিত একটি সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে ‘দালাল দেশ’ (Broker Nation) বলে অভিহিত করেছেন। বৈঠকের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারত কখনোই পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী বা ‘দালাল’ রাষ্ট্র হিসেবে কাজ করবে না।’ তাঁর এই কঠোর মন্তব্য মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা করতে পাকিস্তানের অতি-উৎসাহের প্রতিক্রিয়ায় এসেছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে মধ্যস্থতার প্রস্তাব দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরিফের সেই প্রস্তাব সম্বলিত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করলে জল্পনা আরও তুঙ্গে ওঠে। দিল্লির মতে, পাকিস্তান ১৯৮১ সাল থেকেই ওয়াশিংটনে তাদের দূতাবাসের মাধ্যমে এই ধরণের ‘পর্দার আড়ালের’ কাজ করে আসছে, যাকে জয়শঙ্কর সরাসরি কটাক্ষ করেছেন।
সর্বদলীয় বৈঠকে সরকার তাদের বর্তমান নীতি ও পদক্ষেপের সপক্ষে যুক্তি তুলে ধরেছে। বৈঠকে জানানো হয়:
নাগরিক উদ্ধার: যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিককে ইরান থেকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা: ১৫ বছর ধরে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও ভারত নিজেদের প্রয়োজনে ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।
প্রাসঙ্গিকতা: রাশিয়া থেকেও ভারত বড় অঙ্কের অপরিশোধিত তেল আমদানি করছে, যা ভারতের বৈচিত্র্যময় ও স্বাধীন জ্বালানি কৌশলেরই অংশ।
বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, সরকারের পক্ষ থেকে বিরোধীদের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। দেশের স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে সব রাজনৈতিক দল সরকারের পাশে থাকার এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছে।