ভারতের অন্ধ্রপ্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে টিপার লরির ভয়াবহ সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে রাজ্যের মারকাপুরাম জেলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘হরি কৃষ্ণা ট্রাভেলস’-এর একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে মারকাপুরাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টিপার লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে বাসের ভেতরে থাকা অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি এবং পুড়ে মারা যান।
মারকাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগরাজু সংবাদমাধ্যমকে জানান, ‘এখন পর্যন্ত আমরা ১২ জনের মরদেহ উদ্ধার করেছি। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।