ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে একটি মন্দিরে পূজা দিতে গিয়ে ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ১২ জন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ মার্চ) বিহারের নালন্দা জেলার বিখ্যাত শীতলা মন্দিরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতি মঙ্গলবার নালন্দার এই শীতলা মন্দিরে কয়েক হাজার পুণ্যার্থী পূজা দিতে সমবেত হন। আজ ভোরের দিকে মন্দিরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে হঠাৎ কোনো একটি কারণে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভিড়ের চাপে অনেকে পদপিষ্ট হন। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিহার সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা প্রদান করা হবে।

বর্তমানে মন্দির প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।