কলকাতা পর্যন্ত হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর এই হুমকিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র নীরবতা নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনি প্রচারসভায় বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মমতা বলেন, পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদি বললেন না যে পদক্ষেপ নেবেন? কেন চুপ আপনি?
বৃহস্পতিবার (২ এপ্রিল) কেরালায় এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান যদি কোনো ‘দুঃসাহসিকতা’ দেখায়, তাহলে ভারত নজিরবিহীন ও চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এর দু’দিন পর শনিবার (৪ এপ্রিল) খাজা আসিফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারতের যেকোনো ‘দুঃসাহসিক কর্মকাণ্ডের’ জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত হামলা চালাতে পারে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এই নীরবতাকেই ইস্যু করে সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনি প্রচারসভায় বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদি বললেন না যে পদক্ষেপ নেবেন? কেন চুপ আপনি? পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হলো না কেন? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন।
মমতা আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর উচিত এ বিষয়ে স্পষ্ট জবাব দেওয়া। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।