আলোচনায় বসতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল

পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি দল। ইতোমধ্যে ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

এ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

৪০ দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন ও তেহরান। দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে এ বৈঠক।

তবে দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মূল কারণ লেবানন। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতির ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় থাকবে লেবানন।

কিন্তু দখলদারদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ঘোষণার কয়েক ঘণ্টা পর জানান লেবানন এতে থাকবে না। এরপর দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এসব হামলায় দুইশরও বেশি মানুষ নিহত ও প্রায় ১ হাজার ২০০ মানুষ আহত হন।