শ্রমিক বিক্ষোভে 'উত্তাল' ভারতের নয়ডা

ভারতের নয়ডায় বেতন বৃদ্ধির দাবিতে গত ৩ দিন ধরে চলা শ্রমিকদের আন্দোলন সোমবার (১৩ এপ্রিল) চরম সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে এবং মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনী।

নয়ডার ফেইজ-২ এলাকা, বিশেষ করে সেক্টর ১, ৮৪, ৫৯ ও ৬০-এ অস্থিরতা সবচেয়ে বেশি দেখা যায়। উত্তেজিত শ্রমিকরা দুটি গাড়ি ভাঙচুর করে এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের ওপর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রোভিনশিয়াল আর্মড কনস্ট্যাবুলারি এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা সড়ক অবরোধ করায় দিল্লি-নয়ডা সীমান্তে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ডিএনডি ফ্লাইওয়েসহ প্রধান সড়কগুলোতে মাইলের পর মাইল যানবাহনের লাইন পড়ে যায়। বিশেষ করে অফিস সময়ে এই গোলযোগের ফলে হাজার হাজার সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। দিল্লি ট্রাফিক পুলিশ চিল্লা বর্ডারের রাস্তা এড়িয়ে চলার জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে।

গৌতম বুদ্ধ নগরের জেলা ম্যাজিস্ট্রেট মেধা রুপম জানিয়েছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় এবং তাদের অভিযোগ দ্রুত সমাধানে একটি কন্ট্রোল রুম ও হেল্পলাইন চালু করা হয়েছে। নয়ডা অথরিটি ওভারটাইমের দ্বিগুণ মজুরি, বোনাস ও সাপ্তাহিক ছুটির মতো বিষয়গুলো নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে। বর্তমানে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।