ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে ড্রামান্দগঞ্জ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুটি ট্রাকের মাঝখানে একটি ছোট গাড়ি পিষ্ট হওয়ার পাশাপাশি একটি যানবাহনে আগুন ধরে যাওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়েছে।
মির্জাপুর জেলার পুলিশ সুপার (এসপি) অপর্ণা রাজাত কৌশিক জানান, রাত সাড়ে ৮টার দিকে ড্রামান্দগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার সময় এই ধারাবাহিক দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পেছন থেকে আসা একটি ট্রাকের ব্রেক ফেল করলে সেটি সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। দুর্ভাগ্যবশত, দুই ট্রাকের মাঝখানে একটি ছোট গাড়ি অবস্থান করায় সেটি দুমড়ে-মুচড়ে যায়। এই সংঘর্ষের রেশ ধরে পেছনে থাকা আরও একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে মুহূর্তেই আগুন ধরে যায়।
খবর পাওয়ার সাথে সাথেই স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্ধার কাজে অংশ নেন।
এসপি অপর্ণা রাজাত কৌশিক বলেন, ‘এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটির একটি বিহার এবং অন্যটি মধ্যপ্রদেশের নিবন্ধিত। এছাড়া পিষ্ট হওয়া গাড়ি দুটির একটি সোনভদ্র এবং অন্যটি মির্জাপুর জেলার। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।