শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিযানে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির শুল্ক বিভাগ। তাঁদের লাগেজে তল্লাশি চালিয়ে প্রায় ১১০ কেজি (২৪২ পাউন্ড) উচ্চমাত্রার গাঁজা বা ‘কুশ’ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে কলম্বো পৌঁছানোর পর তাদের গ্রেপ্তার করা হয়।
শুল্ক কর্মকর্তাদের তথ্যমতে, প্রতিটি ভিক্ষুর লাগেজের ভেতরে বিশেষভাবে তৈরি 'ফলস ওয়াল' বা গোপন কুঠুরি ছিল। প্রতিটি ব্যাগে প্রায় ৫ কেজি করে মাদক সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকগুলো মূলত স্কুল সরঞ্জাম এবং মিষ্টির প্যাকেটের ভেতরে রাখা ছিল যাতে কারো সন্দেহ না হয়।
গ্রেপ্তার হওয়া এই ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৪ দিনের সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। এই ভ্রমণের প্রধান আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক জ্যেষ্ঠ ভিক্ষুকে কলম্বোর একটি উপশহর থেকে পরবর্তীকালে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, আয়োজক ভিক্ষু নিজে থাইল্যান্ড যাননি। তিনি তরুণ ভিক্ষুদের বিশ্বাস করিয়েছিলেন যে, এই পার্সেলগুলো মূলত 'দান সামগ্রী'। বিমানবন্দরে নামার পর একটি ভ্যান এসে এগুলো সংগ্রহ করবে বলেও তাদের জানানো হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই তরুণ ভিক্ষুরা সম্ভবত জানতেনই না যে তাদের ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছে।
শ্রীলঙ্কার পুলিশ নারকোটিক্স ব্যুরো জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মন্দিরের সদস্য। তাদের মোবাইল ফোনে থাইল্যান্ডে সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি ও ভিডিও পাওয়া গেছে। রোববার তাদের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।