পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা অধ্যায়ের অবসান

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটলো। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যের রাজ্যপাল আরএন রবি। এর মাধ্যমে ২০১১ সাল থেকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা ৭১ বছর বয়সী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ শেষ হলো। 

বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপালের এই পদক্ষেপের ফলে দিদি-অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।

গত ৪ মে প্রকাশিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে হিন্দুত্ববাদী দল বিজেপি ২০০-এর বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। প্রথা অনুযায়ী পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর রাজভবনে গিয়ে পদত্যাগ করার কথা থাকলেও মমতা ব্যানার্জি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। এতে রাজ্যে একটি সাংবিধানিক সংকট তৈরির উপক্রম হলে আজ রাজ্যপাল আরএন রবি নিজ ক্ষমতাবলে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এখন দ্রুতই রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হবে এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হবে।

নির্বাচনি ফলাফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গজুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) সিদ্ধনাথ গুপ্ত জানান, নির্বাচন পরবর্তী এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন প্রাণ হারিয়েছেন। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কলকাতা ও বিভিন্ন জেলা থেকে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত দুই শতাধিক মামলা দায়ের করা হয়েছে।

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথ গতকাল আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত গুপ্তহত্যা’ হিসেবে অভিহিত করে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। 

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি রাজ্যজুড়ে তাদের দলীয় কার্যালয় ও কর্মীদের ওপর বিজেপি সমর্থকরাই বর্বরোচিত হামলা চালাচ্ছে।

বর্তমানে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধাসামরিক বাহিনীর পাশাপাশি ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে