কাশ্মীর সীমান্তে হঠাৎ উত্তেজনা-গোলাগুলি

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানের আজাদ কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা হলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার (১২ মে) দাবি করেছে। এ সময় গোলাগুলিতে এক অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে পুঞ্চের কৃষ্ণা ঘাটি ফরোয়ার্ড এলাকায়। সেখানে দায়িত্বে থাকা সেনারা পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর থেকে আসা একদল অনুপ্রবেশকারীকে ভারতীয় ভূখণ্ডের ভেতরে শনাক্ত করে। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে গোলাগুলি শুরু হয়।

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে জানায়, ‘নিয়মিত নজরদারির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল প্রায় ৪টার দিকে পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের ভূখণ্ডের প্রায় ৩০০ মিটার ভেতরে সন্দেহজনক চলাচল শনাক্ত করা হয়।’

পরে ভারতীয় সেনারা দ্রুত অভিযান চালিয়ে ‘অনুপ্রবেশের চেষ্টা’ ব্যর্থ করে দেয় এবং নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের কোনও সুযোগ দেয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী। একই সঙ্গে এক অনুপ্রবেশকারীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলেও জানানো হয়।

সেনাবাহিনী আরও জানিয়েছে, ওই এলাকায় এখনও অভিযান চলছে এবং পুরো সেক্টরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

সূত্রগুলোর দাবি, নিহত ব্যক্তি লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত থাকতে পারেন। তিনি মানকোট এলাকার বিচো পোস্টের কাছে সীমান্ত পেরিয়ে কাশ্মীরের ভারতশাসিত অংশে ঢোকার চেষ্টা করছিলেন।