নির্বাচন-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে। তা নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছে। ওই মামলায় সওয়াল করার জন্য আদালতে গিয়েছেন সাবেক মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তিনি বলেন, এটা কোনও বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার কিছু আগে হঠাৎ হাই কোর্ট চত্বরে পৌঁছে যান তৃণমূলনেত্রী। আইনজীবীর পোশাক পরে হাই কোর্টে চত্বরে হাজির হন। বৃহস্পতিবার ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে সওয়াল করেন তিনি।
প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলনেত্রী বলেন, প্রথম বার কলকাতা হাই কোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজ়ার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।
অন্য দিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেন। তিনি এজলাসে বলেন, নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলা হচ্ছে না কোথায়, কী ঘটেছে। রাজ্যের পুলিশ সতর্ক এবং সক্রিয় রয়েছে। বলা হচ্ছে, রাজ্য জুড়ে ২০০০ বেশি অভিযোগ এসেছে। কিন্তু এই সব অভিযোগের কোনও ভিত্তি নেই।
নির্বাচন-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলির প্রেক্ষিতে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে ওই মামলার শুনানি হয়।