পাকিস্তানে আত্মঘাতী হামলা, ৯ সেনাসহ নিহত ১০

পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে আধাসামরিক বাহিনীর ৯ সদস্য এবং এক বেসামরিক ব্যক্তিসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।

শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাজাউর জেলায় অবস্থিত স্কাউটস ক্যাম্পে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। গাড়িটি ক্যাম্পের প্রবেশদ্বারে সজোরে আঘাত করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পের প্রবেশদ্বার ও আশপাশের দেয়াল ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের পর শুরু হয় দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি।

পেশোয়ারের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, দীর্ঘক্ষণ চলা এই লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্যের পাশাপাশি ১০ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। হামলায় আহত ৩৫ জন সেনাসদস্যকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, টিটিপি সদস্যরা আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে পাকিস্তানে নাশকতা চালাচ্ছে। যদিও আফগান তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড