মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাথে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান এবং শান্তি আলোচনা টিকিয়ে রাখার লক্ষ্যে এবার তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা (ISNA) এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত বুধবার (২০ মে) পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক বা স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরান সফরে যান। এক সপ্তাহের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় ইরান সফর। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের পরপরই পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তার তেহরান সফরের খবরটি সামনে এলো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই যুদ্ধ ও আঞ্চলিক সংকট নিরসনে শুরু থেকেই পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার ফলেই গত ৮ এপ্রিল পক্ষগুলোর মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল।
তবে গত কয়েক দিনে দুই প্রতিপক্ষের পক্ষ থেকেই নতুন করে যুদ্ধংদেহী এবং আক্রমণাত্মক বক্তব্য আসায় পরিস্থিতি আবারও জটিল রূপ ধারণ করেছে। সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা এখন বড় ধরনের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক আলোচনার পথ সচল রাখতে এবং যেকোনো মূল্যে শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পর সেনাপ্রধানের এই ঝটিকা ইরান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেহরানের শীর্ষ নেতৃত্বের সাথে জেনারেল আসিম মুনিরের এই বৈঠক চলমান উত্তেজনা প্রশমন এবং শান্তি আলোচনাকে চূড়ান্ত রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সূত্র: আলজাজিরা