সমালোচনার মুখে টেন্ডার বাতিল করলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুতে সরকারি একটি টেন্ডার প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগামের (ডিএমকে) পক্ষ থেকে অনিয়মের অভিযোগ তোলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সরকারি চুক্তি বাতিল করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের থুথুকুডি জেলার একটি গ্রামে ৩,০০০ লিটারের একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণের জন্য ১৬.৮৩ লাখ রুপির এই দরপত্র প্রক্রিয়াটি গত ১৯ মে সম্পন্ন হয়েছিল। তবে এই টেন্ডারের অস্বাভাবিক সময়সীমা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে।
 
নিয়ম অনুযায়ী, ঠিকাদাররা গত ১৩ মে থেকেই টেন্ডার সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, গত ১৮ মে সকাল ৯টায় টেন্ডারটি উন্মুক্ত করা হয় এবং মাত্র ৬ ঘণ্টার মাথায়—বিকেল ৩টায় তা বন্ধ করে দেয়া হয়। এর পরদিনই বিকাল ৪টায় একটি নির্দিষ্ট সংস্থাকে কার্যাদেশ দেয়া হয়।
 
এত কম সময়ের টেন্ডার প্রক্রিয়ার স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বচ্ছতার অভাব নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
 
পরে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে টেন্ডারটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
প্রধান বিরোধী দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) এই ঘটনায় সরকারের ওপর তীব্র আক্রমণ চালিয়েছে। তাদের অভিযোগ, পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেয়ার জন্য তৈরি করা হয়েছিল।
 
ডিএমকের সিনিয়র নেতা আমুথারাসান প্রশ্ন তুলে বলেন, ‘যেকোনো কোম্পানির পক্ষে মাত্র ৬ ঘণ্টার মধ্যে কীভাবে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরি করা এবং সব প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব?’