আমরাই এখন সবচেয়ে জনপ্রিয় জুটি: মেলোনি

বিশ্বমঞ্চে বহুল আলোচিত ও সমাদৃত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দারুণ ‘রসায়ন’ আবারও আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। ফ্রান্সে চলমান জি৭ সম্মেলনের ফাঁকে হালকা মেজাজে দুই রাষ্ট্রনেতার সংক্ষিপ্ত কথোপকথন ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাইরাল।

মঙ্গলবার (১৬ জুন) ফ্রান্সে বিশ্বনেতারা জি৭ সম্মেলনে মিলিত হন। সম্মেলনের একপর্যায়ে রাষ্ট্রনেতারা যখন ঐতিহ্যবাহী ‘গ্রুপ ফটো’ তোলার জন্য লাইনে দাঁড়াচ্ছিলেন, ঠিক তার আগেই মুখোমুখি হন মোদি ও মেলোনি। দুই নেতার করমর্দন ও আলাপচারিতার একটি ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দুই নেতার কথোপকথন স্পষ্ট শোনা না গেলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আলাপের মূল বিষয়বস্তু ছিল সোশ্যাল মিডিয়ায় তাদের জুটির আকাশচুম্বী জনপ্রিয়তা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে তাদের জুটির জনপ্রিয়তার কথা মোদি নিজেই মেলোনিকে মনে করিয়ে দেন। এর জবাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বেশ হেসে হেসেই বলেন, ‘‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি’’।

নেটদুনিয়ায় নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে ‘মেলোডি’ (Melodi) শব্দের উৎপত্তি ২০২৩ সালের দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই। ২০২৪ সালে মোদির সাথে সেলফি পোস্ট করে মেলোনি নিজেই প্রথম এই ‘মেলোডি’ হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন। এমনকি ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকেও তাদের ভিডিও ভাইরাল হয়েছিল।

মাসখানেক আগে ইতালি সফরে মেলোনিকে এক প্যাকেট বিখ্যাত ‘মেলোডি’ চকলেট উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদি। চকলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিও পোস্ট করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই ভিডিওতে দুজনকে চকলেটের প্যাকেট হাতে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে মেলোনিকে বলতে শোনা গিয়েছিল, “প্রধানমন্ত্রী মোদি উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি”। ২০২৬ সালের ফ্রান্সের জি৭ সম্মেলনেও সেই চেনা সমীকরণ আবার ফিরে এলো।

আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে, মোদি-মেলোনির এই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিছক ছবি বা ভিডিওতেই সীমাবদ্ধ নয়; বরং এটি ভারত ও ইতালির চলমান শক্তিশালী বিদেশনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ভারতের অন্যতম প্রধান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার ইতালি। উভয় দেশই বর্তমানে বৈশ্বিক বাণিজ্য উন্নত করার লক্ষ্যে ‘ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়নের জন্য অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।