খামেনির শেষকৃত্যে ভারতের প্রতিনিধিদলে যারা থাকছেন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন আগামী ৩ জুলাই ইরানের উদ্দেশে রওনা হবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব দুই দেশের দীর্ঘদিনের সভ্যতাগত সম্পর্ক, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং রাজনৈতিক-অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের প্রতিফলন

বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও ইরানের ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতের দ্বিপক্ষীয় সম্পৃক্ততার জন্য একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে। সেই সম্পর্কের ধারাবাহিকতাতেই খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ে ভারতের এই অংশগ্রহণ।

ইরানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে খামেনির জানাজা ও শোকযাত্রা শুরু হবে। পরে তার মরদেহ কোম, ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার পর ৯ জুলাই জন্মস্থান মাসহাদে দাফন করা হবে।

খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের অংশ নেওয়ার কথা রয়েছে। ইরানের ধারণা, কয়েক দিনব্যাপী এই শোকানুষ্ঠানে দুই কোটিরও বেশি মানুষ অংশ নিতে পারেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর থেকেই ইরানজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সূত্র: আলজাজিরা