শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে উত্তর মালুকু প্রদেশের টোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, কম্পনটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় টারনেট শহরের বাসিন্দা উমর আব্বাস সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে কফি পান করছিলেন। তিনি জানান, হঠাৎ করেই তার চেয়ার কাঁপতে শুরু করে। অতীতের ভূমিকম্পের অভিজ্ঞতার কথা মনে পড়ায় তিনি কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন।

এদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এ ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই ভূতাত্ত্বিক অঞ্চলটি বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি।