অস্ট্রেলিয়া সফরের আগেই মোদীকে হত্যার হুমকি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।

প্রতিবেদন অনুযায়ী, ‘মেলবোর্ন মিটস মোদি’ শীর্ষক একটি অনুষ্ঠানের পোস্টে মন্তব্য করে ‘আবু মুস্তাফা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক বার্তা দেওয়া হয়। ওই মন্তব্যে লেখা হয়, অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকাই ভালো, নইলে তিনি অস্ট্রেলিয়ায় মৃত্যুর জন্যই আসবেন।’

সংবাদমাধ্যমটির দাবি, তদন্তকারীরা ইতোমধ্যে ওই অ্যাকাউন্ট-সংশ্লিষ্ট আইপি (IP) ঠিকানা শনাক্ত করেছেন।

হুমকির বার্তাটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না এবং এর পেছনে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নরেন্দ্র মোদীর ৮ থেকে ১০ জুলাই সরকারি সফরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সফরের সময় তিনি অস্ট্রেলিয়ার নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সফরকে স্বাগত জানিয়ে বলেছেন, আসন্ন অস্ট্রেলিয়া-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে পেরে তিনি সম্মানিত। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ এবং এই অংশীদারিত্ব ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মেলবোর্নে আনুষ্ঠানিকভাবে মোদিকে স্বাগত জানাবেন অ্যান্থনি আলবানিজ। একই সঙ্গে এই সফরের মাধ্যমে দুই দেশের ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’ ( Comprehensive Strategic Partnership ) আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হবে।

অস্ট্রেলিয়ার দৃষ্টিতে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অন্যতম ভারত দেশটির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। বিদ্যমান অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


এছাড়া জানানো হয়, অ্যান্থনি আলবানিজ ও নরেন্দ্র মোদীর সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে জি২০ সম্মেলনের সাইডলাইন বৈঠকে। আসন্ন সফর সেই কূটনৈতিক যোগাযোগকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।