পাঁচ ক্রুসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী একটি কার্গো উড়োজাহাজ পাঁচজন ক্রুসহ নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টা ২১ মিনিটের দিকে করাচি উপকূলের কাছে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে২ এয়ারওয়েজ পরিচালিত বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি শারজাহ থেকে করাচির উদ্দেশে আসছিল। করাচির উপকূলের কাছে পৌঁছানোর পর উড়োজাহাজটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে কে২ এয়ারওয়েজ জানিয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচজন ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে তারা।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে উড়োজাহাজটির উচ্চতায় আকস্মিক বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা যায়। এরপর এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনা করছেন।