শিক্ষার্থীদের পাশে রাহুল, মোদির বাসভবনে সামনে বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মঙ্গলবার (২১ জুলাই ) শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ এবং পরীক্ষা-সংকট নিয়ে সরকারের জবাবদিহির দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের চাপ বাড়ানোর অংশ হিসেবে কংগ্রেস নেতারা এই বিক্ষোভে অংশ নেন। এর আগে কংগ্রেসের নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রা করা হয়। সেই কর্মসূচির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনের সময় পুলিশ যে পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব রয়েছেন। তিনি দাবি করেন, দিল্লিতে শিক্ষার্থীদের ওপর যা ঘটেছে, তার জন্য প্রধানমন্ত্রীর জবাব দেওয়া প্রয়োজন।

রাহুল বলেন, পুলিশের হাতে আহত শিক্ষার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রীর কথা বলা উচিত ছিল। একই সঙ্গে তিনি এ ধরনের পরিস্থিতি বন্ধ করার আহ্বান জানান।

এর আগে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির আরএমএল হাসপাতালে গিয়ে আহত বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন। পরে রাহুল লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ এবং পরীক্ষা-সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। তিনি অভিযোগ করেন, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কারণে শিক্ষার্থীদের ওপর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাহুল আরও বলেন, ভারতের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে না পারলে সংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বিরোধী দল এই বিষয়টি সামনে রাখতে এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

সূত্র:এনডিটিভি