সহকর্মীর গুলিতে সীমান্তে ২ বিএসএফ নিহত

বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন জওয়ান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

রাজশাহী সীমান্তের বিপরীতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ ওঠে। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা।

এ ঘটনায় ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) নিহত হন। গুরুতর আহত হন একই ব্যাটালিয়নের জওয়ান বিকাশ ব্রম্ম (৪৪)। তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিএসএফ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জওয়ানরা বিশ্রামে থাকার সময় এ গুলির ঘটনা ঘটে।

এদিকে, অভিযুক্ত শিবম মিশ্রের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর বিএসএফের নিজস্ব আইনে তাকে শাস্তি দেওয়া হয়। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয় এবং সম্প্রতি তাকে বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মধ্যেই আবারও এ ঘটনা ঘটল।

ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি বিএসএফও নিজস্ব তদন্ত শুরু করেছে। বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে।