ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। রাষ্ট্রপতির দপ্তর শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ এবং জোশিকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রহ্লাদ জোশি বর্তমানে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

পদত্যাগপত্রে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য তিনি চার দশকের বেশি সময় কাজ করেছেন। তবে চলমান পরিস্থিতিকে ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ যেন রাজনৈতিকভাবে কাজে লাগাতে না পারে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর ‘সদিচ্ছার ভিত্তিতে’ আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান তারা।

এর আগে শুক্রবার প্রহ্লাদ জোশি বলেছিলেন, সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলা আন্দোলনকে ‘সমাজবিরোধী উপাদান’ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সবসময় শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে এবং তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, যেন তাদের ন্যায্য দাবিকে অন্য কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। সূত্র: এনডিটিভি