গাজায় যুদ্ধবিরতি চলাকালীন ৩০০ দিনে অন্তত ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অর্থাৎ এ সময়ে গড়ে প্রতিদিন একজন করে শিশু প্রাণ হারিয়েছে।
ইউনিসেফের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। ২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শিশুদের প্রাণহানির এই হিসাব তুলে ধরা হয়েছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বেগবেদার বলেন, ‘যে যুদ্ধবিরতি প্রতিদিন গড়ে একজন শিশুর প্রাণ কেড়ে নেয়, তা শিশুদের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে।’
তিনি বলেন, গাজায় আরও শত শত শিশু গুরুতরভাবে আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে সহিংসতার অবসানের যে প্রত্যাশা গাজার শিশুরা করে আসছে, তার সুফল থেকেও তারা এখনো বঞ্চিত।
ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, গাজার সর্বত্র শিশুরা এখনো তীব্র অপুষ্টি, বিভিন্ন রোগ, অনিরাপদ পানির সংকট এবং ধ্বংস হয়ে যাওয়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই